রাজধানীতে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব, যেখানে দর্শক বিনামূল্যে দেখতে পাবেন ছয়টি চলচ্চিত্র। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত এই উৎসবের নাম ‘চলচ্চিত্র উৎসব: একাল-সেকাল’।
উৎসবটি ৯ আগস্ট থেকে ১১ আগস্ট পর্যন্ত রাজধানীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে। প্রথম দিন, ৯ আগস্ট সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে মেজবাউর রহমান সুমন পরিচালিত চলচ্চিত্র ‘রইদ’। এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি।
একই দিন রাত ৮টায় দেখা যাবে জহির রায়হানের কালজয়ী চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’। উৎসবের দ্বিতীয় দিন, ১০ আগস্ট বিকেল ৫টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে খান আতাউর রহমান পরিচালিত ‘আবার তোরা মানুষ হ’।
এরপর রাত ৮টায় দর্শকরা দেখতে পারবেন মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মাস্তুল’। উৎসবের শেষ দিন, ১১ আগস্ট বিকেল ৫টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে আমজাদ হোসেনের ‘দুই পয়সার আলতা’ এবং রাত ৮টায় দেখানো হবে আকাশ হক পরিচালিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’。
‘সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প সংস্কৃতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত উৎসবটি সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে। পুরো আয়োজনের ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ।