বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া নতুন সিনেমা ‘ব্লুফ্লাই’-এ অস্কারজয়ী অভিনেতা রাসেল ক্রোর সহশিল্পী হতে যাচ্ছেন। এই সিনেমার পরিচালনা করেছেন নিমরোদ আন্তাল, যিনি ‘প্রিডেটরস’ ও ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত নির্মাতা।
প্রিয়াঙ্কা সামাজিক মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে এই সায়েন্স ফিকশন, অ্যাকশন ও থ্রিলার ঘরানার সিনেমাটির ঘোষণা দেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘অন টু দ্য নেক্সট’। অভিনেত্রীর এই ঘোষণায় ভক্তদের মধ্যে উন্মাদনা সৃষ্টি হয়েছে।
সিনেমাটির প্রেক্ষাপট কঙ্গোর একটি গহীন অরণ্যে, যেখানে জাতিসংঘের এক অনুবাদককে বিমান উদ্ধারের গোপন মিশনে পাঠানো হয়। সরকারি নথিতে যার কোনো অস্তিত্ব নেই। অভিযান যত এগোবে, ততই সামনে আসবে চাঞ্চল্যকর রহস্য।
হাইল্যান্ড ফিল্ম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিয়েন ফ্রেজার জানান, ‘ব্লুফ্লাই’ একটি আন্তর্জাতিক চলচ্চিত্র, যা অ্যাকশন, রহস্য এবং টানটান উত্তেজনায় ভরপুর। তিনি বলেন, ‘রাসেল ক্রো ও প্রিয়াঙ্কা চোপড়ার নেতৃত্বে এক চমৎকার অভিনয়শিল্পী দল রয়েছে।’
সিনেমাটির বৈশ্বিক স্বত্ব বিক্রির দায়িত্বে রয়েছে হাইল্যান্ড ফিল্ম গ্রুপ। আসন্ন টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটির প্রচার ও বিক্রি শুরু হবে। চলতি বছরের শেষদিকে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে সিনেমাটির দৃশ্যধারণ শুরু হওয়ার কথা রয়েছে।
এছাড়া, প্রিয়াঙ্কার হাতে রয়েছে এস এস রাজামৌলির ‘বারাণসী’ ছবির কাজ, যেখানে তিনি প্রায় ৮ বছর পর ভারতীয় সিনেমায় ফিরছেন।