জনপ্রিয় তেলুগু অভিনেতা প্রদীপ রাওয়াত মঙ্গলবার (৪ আগস্ট) মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স ছিল ৭৪ বছর।
একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানায়, প্রদীপ রাওয়াত ব্লাড ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই করছিলেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই দক্ষিণ ভারতীয় সিনেদুনিয়ায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রদীপ রাওয়াতের অভিনয়জীবন তিন দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত ছিল। তিনি তেলুগুর পাশাপাশি হিন্দি, তামিল, কন্নড় ও মালয়ালম ছবিতেও অভিনয় করেছেন। ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত তামিল ছবি ‘গজনি’তে খলনায়কের চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।
তিনি ২০০৮ সালে আমির খানের ‘গজনি’র হিন্দি রিমেকেও একই চরিত্রে দর্শকদের সামনে আসেন। প্রদীপ রাওয়াত আমির খানের ‘লগান’ ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন।
টেলিভিশনের দর্শকদের কাছে তিনি বি. আর. চোপড়ার জনপ্রিয় ধারাবাহিক ‘মহাভারত’-এ অশ্বত্থামা চরিত্রে পরিচিত। দ্রোণাচার্যের পুত্রের চরিত্রে তাঁর অভিনয় ঘরে ঘরে জনপ্রিয়তা এনে দিয়েছিল।
১৯৮৫ সালে সুভাষ ঘাই পরিচালিত ‘মেরি জং’ ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে প্রদীপ রাওয়াতের। এরপর ‘সরফরোশ’, ‘দ্য হিরো: লাভ স্টোরি অব আ স্পাই’, ‘স্ট্যালিন’, ‘ভীরম’সহ একাধিক জনপ্রিয় ছবিতে তিনি অভিনয় করেন। ২০০৪ সালে এস এস রাজমৌলি পরিচালিত ‘সায়ে’ ছবির মাধ্যমে তেলুগু চলচ্চিত্রে তাঁর অভিষেক হয়।