ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ববিতা সম্প্রতি অভিনেতা জাফর ইকবালের সঙ্গে তাদের সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। তিনি জানান, তাদের মধ্যে গভীর ভালোবাসার সম্পর্ক ছিল, তবে কখনোই বিয়ে বা ভবিষ্যৎ নিয়ে কোনো প্রতিশ্রুতি ছিল না।
ববিতা বলেন, ‘তাকে আমি ভালোবাসতাম, সে-ও আমাকে ভালোবাসত।’ অল্প বয়সে একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে, যা পরে প্রেমে রূপ নেয়। জাফর ইকবালকে তিনি তাঁর সময়ের সবচেয়ে স্মার্ট, সুদর্শন ও ভদ্র অভিনেতা হিসেবে উল্লেখ করেন।
ববিতা জানান, তারা প্রায় ৪০টি চলচ্চিত্রে জুটি বেঁধে অভিনয় করেছেন। শুটিংয়ের ফাঁকে অন্যরা আড্ডা দিলেও তারা প্রায়ই গান গাইতেন। জাফর ইকবাল তাঁকে গিটার বাজিয়ে ইংরেজি গানও শিখিয়েছিলেন। দর্শকেরাও তাদের জুটিকে দারুণভাবে গ্রহণ করেছিলেন।
তবে সময়ের সঙ্গে তাদের সম্পর্কে ভুল বোঝাবুঝি তৈরি হয়। এরপর দুজনই আলাদা আলাদা সহশিল্পীর সঙ্গে ব্যস্ত হয়ে পড়েন। ববিতা স্পষ্ট করে বলেন, ‘প্রেম হলেই তো বিয়ে করতে হয় না।’
‘সুখে থাকো ও আমার নন্দিনী’ গানটি নিয়ে প্রচলিত ধারণা নাকচ করেন ববিতা। তিনি দাবি করেন, বিষয়টি নিয়ে প্রশ্ন করলে জাফর ইকবাল নিজেই জানিয়েছেন, গানের স্রষ্টাদের পরিকল্পনার কারণে এমন ধারণা তৈরি হয়েছিল।
জীবনের শেষ দিকে জাফর ইকবালের সঙ্গে আবারও এক ছবির শুটিংয়ে দেখা হয়েছিল বলে জানান ববিতা। তখন অভিনেতাকে অসুস্থ ও অগোছালো মনে হয়েছিল। পরে ক্যানসারে আক্রান্ত হয়ে জাফর ইকবালের মৃত্যুর খবর পান। হাসপাতালে দেখতে যেতে না পারলেও এফডিসিতে তাঁর মরদেহের সামনে দাঁড়িয়ে শেষবারের মতো প্রিয় সহশিল্পীকে বিদায় জানিয়েছেন ববিতা।