সোমবার, ০৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
বিনোদন

ঢালিউডে মধুমিতা সরকারের প্রথম সিনেমা 'গুলশানের চামেলি'

মধুমিতা সরকার ঢালিউডে তার প্রথম সিনেমা 'গুলশানের চামেলি' নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

ঢালিউডে মধুমিতা সরকারের প্রথম সিনেমা 'গুলশানের চামেলি'

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার বাংলাদেশি সিনেমায় নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন। তিনি ‘গুলশানের চামেলি’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো ঢালিউডে অভিনয় করছেন।

১ আগস্ট, শনিবার, ঢাকার একটি পাঁচতারকা হোটেলে সিনেমাটির মহরত ও সংবাদ সম্মেলনে অংশ নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন মধুমিতা। তিনি বলেন, ‘আজ আপনাদের চোখে যে ভালোবাসা, উৎসাহ আর আগ্রহ দেখছি, তা সত্যিই অসাধারণ।’

দর্শকদের উদ্দেশে মধুমিতা বলেন, ‘সিনেমাটি মুক্তির পর আপনারা ভালো প্রত্যাশা নিয়ে হলে যাবেন। আমি চাই না, আমার অভিনয় দেখে কেউ নিরাশ হন। এই দায়িত্বটা আমি খুব গুরুত্ব দিয়েই নিচ্ছি।’

নিজের চরিত্র সম্পর্কে তিনি জানান, ‘চামেলি চরিত্রটি বেশ কঠিন। এখানে ভালো আর খারাপের মাঝখানে খুব সূক্ষ্ম একটি জায়গা আছে। অভিনয়ে সামান্য ভুল হলেও পুরো গল্পের আবহ বদলে যেতে পারে।’

এছাড়া, নির্মাতা ও প্রযোজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মধুমিতা বলেন, ‘আমার ওপর ভরসা রেখে এই চরিত্রটি দেওয়া হয়েছে, এজন্য আমি কৃতজ্ঞ। বাংলাদেশে এটি আমার প্রথম সিনেমা। আশা করি, আপনাদের সেই ভরসার মর্যাদা রাখতে পারব।’

‘গুলশানের চামেলি’ সিনেমায় মধুমিতা সরকারের সঙ্গে অভিনয় করবেন অনন্ত জলিল, ওমর সানী, আমিন খান, রোজিনা, মিশা সাওদাগর ও আজমেরী হক বাঁধন। সিনেমাটি পরিচালনা করছেন মো. ইকবাল।

বিজ্ঞাপন