দীর্ঘ প্রতীক্ষার পর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদের ওয়েব সিরিজ ‘অ্যানি’। সিরিজটি কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন নাজিফা তুষি। শিগগিরই এটি আইস্ক্রিনে উন্মুক্ত হবে।
২৯ জুলাই চ্যানেল আই কার্যালয়ে সিরিজটির নির্মাতা ও প্রযোজকদের উপস্থিতিতে একটি চুক্তি সম্পন্ন হয়। এ সময় ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, আবদুল্লাহ মোহাম্মাদ সাদ, প্রযোজক এহসানুল হক বাবু, সহ-প্রযোজক শিহাব নূরুন নবী, তানভীর হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
‘অ্যানি’ বাংলাদেশের প্রথম সিরিজ হিসেবে সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যালের ‘ওমেন ইন সিরিজ’ বিভাগে প্রদর্শিত হয়। প্রযোজক এহসানুল হক বাবু বলেন, ‘সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল পেরিয়ে এবার আইস্ক্রিনের মাধ্যমে দেশের দর্শকদের কাছে সিরিজটি পৌঁছে দিতে পারছি, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের।’
সিরিজটিতে নাজিফা তুষির পাশাপাশি অভিনয় করেছেন ইয়াশ রোহান, সাইমন সাদিক, সারিকা সাবরিন, ফারহানা মিঠু, নাজাহ প্রমুখ।
৯ জুন জার্মানির কোলন শহরে ‘অ্যানি’র ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। সেরিয়েনক্যাম্প মূলত ওয়েব সিরিজের জন্য নিবেদিত একটি এক্সক্লুসিভ ফেস্টিভ্যাল।
‘অ্যানি’ সিরিজটি প্রযোজনা করেছেন এহসানুল হক বাবু ও আলি আফজাল উজ্জ্বল। সহ-প্রযোজক হিসেবে রয়েছেন শিহাব নূরুন নবী, তুহিন তামিজুল, তানভীর হোসেন, জোহান চ্যাপেলান, সাইফুল ইসলাম, রায়হান সিকদার এবং নির্বাহী প্রযোজক অপূর্বা বকশি।