কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়ের কনসার্ট আবারও শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশে ‘অনিবার্য কারণ’ উল্লেখ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী শনিবার (১ আগস্ট) রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ শীর্ষক কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনের পক্ষ থেকে বুধবার (২৯ জুলাই) জানানো হয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় কনসার্টটি বাতিল করা হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, যেসব দর্শক কনসার্টের টিকিট কিনেছেন, তাদের প্রত্যেককে অফিসিয়াল টিকিটিং প্ল্যাটফর্মের মাধ্যমে টিকিটের সম্পূর্ণ মূল্য ফেরত দেওয়া হবে।
এটি উল্লেখযোগ্য যে, এর আগে ২৬ জুন একই ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার জন্য সব প্রস্তুতি সম্পন্ন হলেও অনিবার্য কারণে অনুপম রায়ের কনসার্টটি স্থগিত করা হয়েছিল। ফলে, ঢাকায় টানা দ্বিতীয়বারের মতো অনুপম রায়ের কনসার্ট বাতিল হলো।