রাজধানী ঢাকায় আগামীকাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়ক অনুপম রায়ের কনসার্ট। তবে, এই আয়োজনের একদিন আগে কনসার্টটি স্থগিত করা হয়েছে।
ইয়ামাহা মিউজিক বাংলাদেশের পক্ষ থেকে বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে একটি বিবৃতিতে কনসার্ট স্থগিতের বিষয়টি নিশ্চিত করা হয়। বিবৃতিতে বলা হয়, “গভীর দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, আগামীকাল ২৬ জুন ২০২৬ তারিখে ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বহুল প্রতীক্ষিত ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ কনসার্টটি আপাতত স্থগিত করা হয়েছে।”
অনুপম রায়ের কনসার্টের যৌথ আয়োজক ছিল ইয়ামাহা মিউজিক বাংলাদেশ ও ট্রিপল টাইম কমিউনিকেশন্স। আয়োজকরা জানান, সকল প্রস্তুতি সম্পন্ন ছিল, কিন্তু অনিবার্য পরিস্থিতির কারণে সরকারের পক্ষ থেকে কনসার্টটি স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়, “অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজক প্রতিষ্ঠান প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করে এবং সরকার নির্ধারিত যথাযথ অনুমোদন গ্রহণ করে। তবে অনিবার্য পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সরকার থেকে অনুষ্ঠানটি আয়োজন না করার নির্দেশনা প্রদান করা হয়।”
কনসার্টের সকল টিকিটধারীকে তাঁদের ক্রয়কৃত টিকিটের সম্পূর্ণ মূল্য ফেরত দেওয়া হবে। আয়োজকরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে কনসার্ট পুনঃনির্ধারণের সম্ভাবনা এবং টিকিট রিফান্ড প্রক্রিয়া-সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করবেন।
ইয়ামাহা মিউজিক বাংলাদেশ কর্তৃপক্ষ ও ট্রিপল টাইম কমিউনিকেশন্সের পক্ষ থেকে বলা হয়েছে, “এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমাদের সঙ্গে থাকার জন্য সকল দর্শক, শুভানুধ্যায়ী, অংশীদার, স্পন্সর ও সহযোগীদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
তারা আশা প্রকাশ করেছেন যে, খুব শিগগিরই আরও অনুকূল সময়ের মধ্যে দর্শকদের সঙ্গে আবারও সংগীতের এক অবিস্মরণীয় সন্ধ্যায় মিলিত হতে পারবেন।