বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

পদ্মা সেতুর টোল আয় ৩ হাজার ৩৯৪ কোটি টাকা ছাড়িয়েছে

পদ্মা সেতুর টোল আয় চার বছরে ৩ হাজার ৩৯৪ কোটি টাকা ছাড়িয়েছে।

পদ্মা সেতুর টোল আয় ৩ হাজার ৩৯৪ কোটি টাকা ছাড়িয়েছে

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে রাজধানীর সঙ্গে সংযুক্ত করার লক্ষ্যে নির্মিত পদ্মা সেতু চালুর চার বছর পূর্ণ হয়েছে। এ সময়ে সেতুটি দিয়ে প্রায় ২ কোটি ৬৭ লাখ যানবাহন চলাচল করেছে এবং টোল আদায় হয়েছে ৩ হাজার ৩৯৪ কোটি ৪৫ লাখ টাকা। বৃহস্পতিবার দুপুরে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয় এ তথ্য নিশ্চিত করেন।

সেতুটি ২০২২ সালের ২৫ জুন উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর ওই বছর ২৭ লাখ ৯০ হাজার ৪৬৫টি যানবাহন সেতু ব্যবহার করে, যার মাধ্যমে টোল আদায় হয় ৪০২ কোটি ৯৬ লাখ ৩৩ হাজার ১৫০ টাকা। পরবর্তী বছর ২০২৩ সালে যানবাহনের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬২ লাখ ৫৭ হাজার ৪৯৪টিতে, এবং টোল আদায় হয় ৮১৪ কোটি ৬৮ লাখ ১৭ হাজার ৬০০ টাকা।

২০২৪ সালে সেতু ব্যবহার করে ৬৭ লাখ ৩৪ হাজার ৯০৪টি যানবাহন চলাচল করে, যার ফলে টোল থেকে আয় হয় ৮৩৬ কোটি ৪৫ লাখ ৩৬ হাজার ১০০ টাকা। ২০২৫ সালে সর্বোচ্চ ৭২ লাখ ৪১ হাজার ৫৮৭টি যানবাহন পদ্মা সেতু অতিক্রম করে এবং টোল আদায়ও সর্বোচ্চ ৮৮৮ কোটি ৮১ লাখ ৬৫ হাজার ৬৫০ টাকায় পৌঁছায়।

চলতি বছর ২০২৬ সালের ২৩ জুন পর্যন্ত পদ্মা সেতু দিয়ে ৩৬ লাখ ৯০ হাজার ৭৮১টি যানবাহন চলাচল করেছে, যার মাধ্যমে টোল আদায় হয়েছে ৪৫১ কোটি ৫৩ লাখ ৭০ হাজার টাকা।

সংশ্লিষ্টরা জানান, পদ্মা সেতু শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটায়নি, বরং দেশের দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডেও নতুন গতি সঞ্চার করেছে। এই সেতু যাতায়াতকে সহজ করে দেয়ায় ধারাবাহিকভাবে যানবাহনের চলাচল বৃদ্ধি পাচ্ছে।

উল্লেখ্য, ২০২২ সালের ২৫ জুন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধন করেন এবং পরদিন ২৬ জুন সাধারণ যানবাহনের চলাচলের জন্য ৬.১৫ কিলোমিটার দীর্ঘ সেতুটি খুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন