বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, পদ্মা ও যমুনা সেতু পারাপারকারী যানবাহন থেকে ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায় হয়েছে।
রোববার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে গৃহীত সুপরিকল্পিত প্রস্তুতি ও সমন্বিত ব্যবস্থাপনার ফলে পদ্মা সেতুতে মোট টোল আদায় হয়েছে ৩৬ কোটি ১১ লাখ ৯৫ হাজার ৯০০ টাকা। ২১ থেকে ৩০ মে পর্যন্ত ১০ দিনে ৩ লাখ ১৮ হাজার ৫১৫টি যানবাহন পারাপার হয়েছে।
এছাড়া, যমুনা সেতুতে একই সময়ে ৩ লাখ ৬১ হাজার ৪৮২টি যানবাহন পারাপার হয়েছে এবং মোট টোল আদায় হয়েছে ২৭ কোটি ৬৮ লাখ ৫৪ হাজার ৯০০ টাকা।
সেতু কর্তৃপক্ষের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পদ্মা ও যমুনা সেতুর কার্যকর ব্যবস্থাপনার ফলে ঈদুল আজহার ছুটিতে যাত্রীদের জন্য সড়কপথে নিরাপদ ও শান্তিপূর্ণ ভ্রমণ নিশ্চিত হয়েছে।
সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ জানান, প্রধানমন্ত্রী দেশের মানুষের ঈদযাত্রাকে নিরাপদ করতে নিরলসভাবে কাজ করছেন। ঈদযাত্রায় সার্বক্ষণিক মনিটরিংয়ের ফলে যাত্রীদের জন্য যাত্রা আরও স্বস্তিদায়ক হয়েছে।