বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩ হাজার ৪০০ কোটি টাকা

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩ হাজার ৪০০ কোটি টাকা ছাড়িয়েছে।

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩ হাজার ৪০০ কোটি টাকা

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন আনা পদ্মা সেতুর চালুর ৪ বছর পূর্ণ হয়েছে। সংশ্লিষ্টদের তথ্যমতে, এই সময়ের মধ্যে সেতুটি ব্যবহার করেছে প্রায় ২ কোটি ৬৭ লাখ যানবাহন এবং টোল আদায় হয়েছে প্রায় ৩ হাজার ৩৯৪ কোটি ৪৫ লাখ টাকা।

পদ্মা বহুমুখী সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয় জানান, ২০২২ সালে উদ্বোধনের পর ওই বছর সেতু দিয়ে ২৭ লাখ ৯০ হাজার ৪৬৫টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় ৪০২ কোটি ৯৬ লাখ ৩৩ হাজার ১৫০ টাকা।

২০২৩ সালে যানবাহনের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬২ লাখ ৫৭ হাজার ৪৯৪টিতে। এ বছর টোল আদায় হয় ৮১৪ কোটি ৬৮ লাখ ১৭ হাজার ৬০০ টাকা। ২০২৪ সালে সেতু ব্যবহার করে ৬৭ লাখ ৩৪ হাজার ৯০৪টি যানবাহন পার হয়েছে, যার টোল আয় ছিল ৮৩৬ কোটি ৪৫ লাখ ৩৬ হাজার ১০০ টাকা।

২০২৫ সালে সর্বাধিক ৭২ লাখ ৪১ হাজার ৫৮৭টি যানবাহন পদ্মা সেতু অতিক্রম করে। ওই বছর টোল আদায় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে ৮৮৮ কোটি ৮১ লাখ ৬৫ হাজার ৬৫০ টাকায়। চলতি বছর ২০২৬ সালের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৩৬ লাখ ৯০ হাজার ৭৮১টি যানবাহন সেতু পার হয়েছে, যার টোল আদায় ৪৫১ কোটি ৫৩ লাখ ৭০ হাজার টাকা।

সামগ্রিকভাবে ২০২২ সালের ২৫ জুন থেকে ২০২৬ সালের ২৩ জুন পর্যন্ত পদ্মা সেতু দিয়ে মোট ২ কোটি ৬৭ লাখ ১৫ হাজার ২৩১টি যানবাহন চলাচল করেছে এবং একই সময়ে টোল আদায় হয়েছে ৩ হাজার ৩৯৪ কোটি ৪৫ লাখ ২২ হাজার ৫০০ টাকা।

সংশ্লিষ্টরা জানান, পদ্মা সেতুর মাধ্যমে শুধু যোগাযোগব্যবস্থার উন্নয়নই হয়নি, বরং দেশের দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডেও নতুন গতি এসেছে। এর ফলে এ পথে ধারাবাহিকভাবে যান চলাচল বাড়ছে।

প্রসঙ্গত, দীর্ঘ কর্মযজ্ঞের পর ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করেন তৎকালিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ২৬ জুন যানচলাচলের জন্য খুলে দেওয়া হয় ৬ দশমিক ১৫ কিলোমিটারের পদ্মা সেতু।

বিজ্ঞাপন