বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কাঁচপুরে বাস টার্মিনাল নির্মাণ আগামী ছয় মাসে সম্পন্ন হবে

কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের নির্মাণ আগামী ছয় মাসের মধ্যে সম্পন্ন হবে।

কাঁচপুরে বাস টার্মিনাল নির্মাণ আগামী ছয় মাসে সম্পন্ন হবে

ঢাকার প্রবেশমুখ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে নির্মাণাধীন আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসের মধ্যে সম্পন্ন হবে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ঢাকা-সায়েদাবাদ বাস টার্মিনালের একাংশ কাঁচপুরে স্থানান্তর করা হবে, যা রাজধানীর যানজট কমানোর পাশাপাশি যাত্রীসেবার মান উন্নত করবে।

২৪ জুন বুধবার নির্মাণাধীন কাঁচপুর আন্তজেলা বাস টার্মিনাল পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকাকে যানজটমুক্ত ও আধুনিক করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন।

যাত্রাবাড়ী ও সায়েদাবাদ বাস টার্মিনালের ওপর চাপ কমাতে কেরানীগঞ্জ ও কাঁচপুরে কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে চলছে।

তিনি জানান, কাঁচপুর আন্তজেলা বাস টার্মিনালের নির্মাণকাজ আগামী ছয় মাসের মধ্যে শেষ করে পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে কাজ চলছে।

প্রতিমন্ত্রী পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, সে সময় রাজধানীর চারটি বাস টার্মিনালকে পরিকল্পনাহীনভাবে ডিপো হিসেবে ব্যবহার করা হয়েছিল, যা সাধারণ মানুষের জন্য দীর্ঘদিনের যানজটের কারণ হয়েছিল।

বর্তমান সরকার সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে রাজধানীর গুরুত্বপূর্ণ সিগন্যাল পয়েন্টগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা চালুর পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন