চট্টগ্রাম থেকে আসা বিকল্প ইঞ্জিনের মাধ্যমে কুমিল্লার নঙ্গলকোটের হাসানপুর স্টেশন থেকে সোনারবাংলা এক্সপ্রেস ট্রেন চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়ার ফলে ডাউন লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে। এই ঘটনার ফলে দুর্ঘটনার আড়াই ঘণ্টা পর বন্দরনগরী চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ পুনরুদ্ধার হয়েছে।
লাকসাম রেল জংশনের মাস্টার ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আপলাইনে গুনবতী এলাকায় লাইনচ্যুত হওয়া মেঘনা এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনা কবলিত বগি রেখে বাকি ট্রেন চাঁদপুরের উদ্দেশে রওনা হয়েছে।
লাইনচ্যুত হওয়া বগিটি সরিয়ে নেওয়ার পর দুই লাইনে ট্রেন চলাচল শুরু হবে। এর আগে, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
নাঙ্গলকোট স্টেশন মাস্টার জামাল উদ্দিন জানান, সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন গুণবতী স্টেশন অতিক্রম করার পর হাসানপুর স্টেশনের অদূরে ইঞ্জিন বিকল হয়ে ডাউন লাইনে আটকা পড়ে।
এদিকে, সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকলের খবর পেয়ে চট্টগ্রাম থেকে আসা চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ডাউন লাইন দিয়ে গুণবতী স্টেশন অতিক্রম করে হাসানপুরের দিকে যাওয়ার সময় মাঝপথে একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এর ফলে দুই লাইনেই ট্রেন আটকা পড়ে এবং ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
লাকসাম জংশন স্টেশন মাস্টার ওমর ফারুক জানান, উদ্ধারকারী ট্রেন মেঘনার লাইনচ্যুত বগিটিকে সরিয়ে নিলে আপলাইনেও সচল হবে।