বলিউডের আলোচিত নির্মাতা সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং চলাকালে এক শুটিং ক্রুর মৃত্যু ঘটেছে। মুম্বাইয়ের গোরগাঁওয়ের রয়্যাল পাম্প স্টুডিওতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান কাঠমিস্ত্রি চন্দ্রধারী যাদব। তিনি সিনেমাটির সেট নির্মাণকাজে যুক্ত ছিলেন।
এই ঘটনায় নির্মাতার বিরুদ্ধে মামলা ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি উঠেছে। বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান নিহতের পরিবারকে ৪০ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দিলেও চলচ্চিত্রকর্মীদের সংগঠন অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন এবং ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এপ্লইজ এই প্রস্তাবে সন্তুষ্ট নয়।
সংগঠন দুটি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনাভিসের কাছে চিঠি দিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত, দায়িদের বিরুদ্ধে এফআইআর এবং নিহতের পরিবারকে ১ কোটি রুপি ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে।
এদিকে, সিনেমার সেটে কর্মীর মৃত্যু কর্মক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নের বিষয়ে গুরুতর উদ্বেগ সৃষ্টি করেছে। অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে, ‘এটি নতুন কোন ঘটনা নয়। ২০০০ সালে দেবদাস ছবির শুটিং চলাকালীনও কর্মী দিনদয়াল যাদব প্রাণ হারান।’
অতীতে ঘটে যাওয়া একই ধরনের দুর্ঘটনাগুলোর কথা উল্লেখ করে সংগঠনটি আরও জানায়, ‘২০০১ সালে ওই ছবির শুটিং চলাকালীন মারা যান কর্মী সুভাষ মোরক। এছাড়াও ‘পদ্মাবত’ ছবির শুটিং চলাকালীন ৩৪ বছর বয়সী ডাকিয়া দুর্ঘটনায় মারা যান। এবারও তেমনই দুর্ঘটনা ঘটল।’