বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

মালয়েশিয়ার শ্রমবাজারে সুখবর আসছে জুলাইয়ে

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসছে জুলাইয়ে, জানালেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মালয়েশিয়ার শ্রমবাজারে সুখবর আসছে জুলাইয়ে

আগামী মাস থেকে মালয়েশিয়ার শ্রমবাজারের উন্নয়ন নিয়ে সুখবর আসতে পারে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ বুধবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান।

মন্ত্রী বলেন, মালয়েশিয়া সফরটি অত্যন্ত সফল হয়েছে এবং দুই দেশের মধ্যে শ্রমবাজার ও জনশক্তি রপ্তানির বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী জুলাই মাসের মধ্যে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করবেন এবং জনগণ এই অগ্রগতি দেখতে পাবেন।

ওসমানী বিমানবন্দরের কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, প্রবাসীদের সেবার মান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে বয়োজ্যেষ্ঠ ও অসুস্থ যাত্রীদের জন্য সহায়ক সেবা এবং প্রাথমিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করার বিষয়ে কাজ চলছে।

মন্ত্রী আরও বলেন, প্রবাসীরা যাতে বিমানবন্দরে কোনো ধরনের হয়রানির সম্মুখীন না হন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মাজার ব্যবস্থাপনার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি স্বচ্ছ ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলা হবে।

কাতারে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করার বিষয়টিও অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা করা হচ্ছে বলে জানান মন্ত্রী।

পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, যুগ্ম সচিব দেবজিৎ সিংহ, উপসচিব মো. শামসুল ইসলাম, সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা এবং বিমানবন্দর পরিচালক হাফিজ আহমদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন