রোহিঙ্গা ও স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ১৬ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের মানবিক সহায়তা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার (২৪ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উপস্থিতিতে অস্ট্রেলিয়া সরকার ও জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) এই চুক্তি করে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল এবং ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
চুক্তির আওতায়, অস্ট্রেলিয়ার দেওয়া এই তহবিল রোহিঙ্গা ও স্থানীয় জনগণের শিক্ষা, পুষ্টি, শিশু সুরক্ষা, নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি উন্নয়নে ব্যয় হবে ইউনিসেফের মাধ্যমে।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, "রোহিঙ্গাদের মিয়ানমারে স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত, আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা অব্যাহত থাকবে বলে বাংলাদেশ প্রত্যাশা করে।"