স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উপস্থিতিতে বুধবার বাংলাদেশ সচিবালয়ে রোহিঙ্গা এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে অস্ট্রেলিয়া সরকারের মানবিক সহায়তা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
অস্ট্রেলিয়া সরকার ও জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) এর মধ্যে স্বাক্ষরিত এ চুক্তিতে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল এবং বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স উপস্থিত ছিলেন।
চুক্তি অনুযায়ী, অস্ট্রেলিয়া সরকার রোহিঙ্গা এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে ১৬ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার বা ১৩৭ কোটি টাকার মানবিক সহায়তা দেবে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, “রোহিঙ্গা ও স্থানীয় জনগণের জন্য মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।”
তিনি অস্ট্রেলিয়া সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আশা প্রকাশ করেন যে, রোহিঙ্গাদের মিয়ানমারে স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের আগ পর্যন্ত এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীসহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এই চুক্তিটি অস্ট্রেলিয়ার ২০২৬-২০২৮ মেয়াদের ৩৭০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের মানবিক সহায়তা প্যাকেজের অংশ।
২০১৭ সাল থেকে অস্ট্রেলিয়া এ সংকট মোকাবিলায় মোট ১.২৬ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (১০ হাজার ৭৭০ কোটি টাকা) মানবিক সহায়তা দিয়েছে। অস্ট্রেলিয়ার দেওয়া ১৬ মিলিয়ন ডলারের তহবিল ইউনিসেফ রোহিঙ্গা ও স্থানীয় জনগণের শিক্ষা, পুষ্টি, শিশু সুরক্ষা এবং নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিন খাতে ব্যয় করবে।