ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমের মা মারা গেছেন। মায়ের শেষকৃত্যে যোগ দিতে তিনি ফ্রান্সে ফিরছেন। বুধবার (২৪ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজে এ তথ্য জানানো হয়।
ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ) জানায়, নরওয়ের বিপক্ষে দলের শেষ গ্রুপ ম্যাচে উপস্থিত থাকতে পারছেন না দেশম। মঙ্গলবার (২৩ জুন) সকালে ৫৭ বছর বয়সী দেশম মায়ের মৃত্যুর খবর পান। ফেডারেশন সভাপতি ফিলিপ দিওলো তাকে দেশে ফিরে শেষকৃত্যে অংশ নেওয়ার অনুমতি দেন।
ফ্রান্স ইতোমধ্যে বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে। প্রথম দুই ম্যাচে সেনেগাল ও ইরাককে হারিয়ে তারা গ্রুপ ‘আই’-এর শীর্ষস্থান নির্ধারণী ম্যাচে শুক্রবার যুক্তরাষ্ট্রের বোস্টনে নরওয়ের মুখোমুখি হবে।
দেশমের অনুপস্থিতিতে সহকারী কোচ গায় স্তেফহান সাময়িকভাবে দলের দায়িত্ব পালন করবেন। প্লেয়ার হিসেবেও দেশম ফ্রান্সের অন্যতম সফল ফুটবলার। তিনি ১৯৯৮ বিশ্বকাপে শিরোপাজয়ী দলের অধিনায়ক ছিলেন।
২০১২ সালে তিনি ফ্রান্স জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নেন। তার অধীনে ফ্রান্স ২০১৮ রাশিয়া বিশ্বকাপ জেতে এবং ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে ফাইনালে হেরে রানার্সআপ হয়। চলমান টুর্নামেন্টে ফ্রান্স দুর্দান্ত ফর্মে রয়েছে। নিউ জার্সিতে সেনেগালকে ৩-১ গোলে হারানোর পর তারা ইরাকের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় পায়।