নওগাঁর সাপাহার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশ-ইনের চেষ্টায় ৯ জন বাংলাদেশে প্রবেশ করতে ব্যর্থ হয়েছে। বিএসএফ সদস্যরা নারী, পুরুষ ও শিশুসহ মোট নয়জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করে, তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের এ প্রচেষ্টা ব্যর্থ করে দেয়। বর্তমানে এই ৯ জন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।
আজ বুধবার সকালে নওগাঁ-১৬ বিজিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোর ৪টার দিকে নওগাঁর সাপাহার আদালতলা সীমান্ত চৌকি এলাকায় বিএসএফের সদস্যরা ২৯ বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর ক্যাম্প থেকে এই চেষ্টা করেন। তাদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী এবং তিনজন শিশু রয়েছে।
সংবাদ পাওয়ার পর বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেয়। বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, ওই এলাকায় টহল বৃদ্ধি করা হয়েছে এবং অবৈধভাবে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, "অভিযুক্তদের ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর (পুশ ব্যাক) কার্যক্রম চলমান রয়েছে।" এর আগে, গত ৫ ও ৮ জুন নওগাঁর পোরশা ও সাপাহার সীমান্ত দিয়ে ৪০ জনকে পুশ-ইন করার চেষ্টা করে বিএসএফ, তবে বিজিবি ও স্থানীয় জনগণের সতর্ক অবস্থানের কারণে বিএসএফ তাদেরকে ফেরত নিতে বাধ্য হয়।