টাঙ্গাইলের কৃষক কবির হোসেন, যিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড গ্রহণের পর ভাইরাল হন, মারা গেছেন। মঙ্গলবার (২৩ জুন) রাতে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যরা জানান, কবির হোসেন সন্ধ্যায় তার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এদিন সকালে তিনি বুকে ব্যথা অনুভব করেন এবং পরে স্থানীয় ক্লিনিকে গিয়ে ইসিজি পরীক্ষার পর হৃদযন্ত্রের সমস্যা ধরা পড়ে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করে কিছুটা সুস্থ বোধ করলেও সন্ধ্যায় আবারও বুকে ব্যথা অনুভব করেন।
স্থানীয় বাজার থেকে ওষুধ কিনে ফিরে আসার পরপরই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, কবির হোসেন হাসপাতালে আনার আগেই মারা যান।
কবির হোসেন চলতি বছরের ১৪ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড গ্রহণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন। তাকে ‘ভুয়া কৃষক’ আখ্যা দিয়ে বিভিন্ন প্রচারণা চালানো হয়, কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদফতরের তদন্তে তিনি প্রকৃত কৃষক হিসেবে শনাক্ত হন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু কবির হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকাল ৮টায় জানাজা শেষে তাকে স্থানীয় সামাজিক কবরস্থানে দাফন করা হবে।