সুনামগঞ্জে টানা বৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। বুধবার ভোর রাত থেকে শুরু হওয়া বৃষ্টিপাতের কারণে জেলার নিম্নাঞ্চলগুলোতে সাময়িক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
জেলা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী তিন দিন ভারি এবং পরবর্তী দুই দিন ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বৃষ্টিপাত হলে নদ-নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছাতে পারে।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, সুরমা, জাদুকাটা, বৌলাই, রক্তিসহ বিভিন্ন নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে, সুরমা নদীর পানি সকাল থেকে ২ সেন্টিমিটার বেড়েছে, তবে এটি এখনও বিপৎসীমার ৭১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
বন্যা পরিস্থিতি মোকাবিলায় সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান জানান, সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং পর্যাপ্ত শুকনো খাবার মজুত রয়েছে।
এদিকে, বৃষ্টিপাতের ফলে নিম্নাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে পানি উন্নয়ন বোর্ড।