পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনে ঢাকা থেকে পঞ্চগড়গামী যাত্রীবাহী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার বিকাল চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার ফলে রাজধানী ঢাকার সাথে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন দফতর সূত্র জানায়, ট্রেনটি ঈশ্বরদী বাইপাস স্টেশন ঢোকার আগে দুইটি বগি লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রিলিফ ট্রেন ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত বগি উদ্ধারের কাজ শুরু করেছে। দ্রুততম সময়ে লাইনচ্যুত বগিগুলো উদ্ধার করে রেললাইন সচল করার চেষ্টা চলছে।
এছাড়া, দুর্ঘটনার কারণ তদন্তে একটি ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশনা দেওয়া হয়েছে। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) মোশাররফ হোসেন ভূঁইয়া।