রংপুরের বদরগঞ্জে ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেন দোলনচাপা এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৫ টায় এই দুর্ঘটনাটি ঘটে।
বদরগঞ্জ স্টেশনের কাছে ভাটিখানা এলাকায় আউটার সিগনালের কাছে ট্রেনটির তৃতীয় নম্বর বগির চারটি চাকা লাইন থেকে ছিটকে পড়ে। এই ঘটনায় লালমনিরহাট-কাউনিয়া-রংপুরের সাথে পাবর্তীপুর হয়ে ঢাকার সকল রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বদরগঞ্জ স্টেশন মাস্টার ইমরুল কায়েস জানান, রেল লাইনে বাঁশ রাখার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তবে, এই ঘটনায় কোনো হতাহত হয়নি।
উদ্ধার কাজের জন্য পার্বতীপুর থেকে একটি উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে। রেল কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।