রংপুরে দাঁড়িয়ে থাকা একটি ডাম্প ট্রাকের পেছনে ঢাকা থেকে আসা কোচের ধাক্কায় ৩ জন নিহত হয়েছে। এছাড়াও কমপক্ষে ১৮ জন আহত হয়েছে, যাদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর।
বুধবার (২৮ অক্টোবর) ভোরে রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ মাজার মসজিদের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ২ জন। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে, তিনি হলেন কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার মোজাফফর হোসেন (৩৫)।
বড় দরগা হাইওয়ে পুলিশের এসএসআই মোয়াজ্জেম উদ্দিন জানান, ঢাকা থেকে কুড়িগ্রামগামী খান এক্সপ্রেস কোচটি দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় উদ্ধার তৎপরতা চালানো হয়।
আহত ১৮ জনের মধ্যে ১১ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের সার্জারি বিভাগের কনসালটেন্ট ডা. গোপাল চন্দ্র বর্মন জানান, ১০ জনেরও বেশি রোগীকে ভর্তি করা হয়েছে এবং তাদের মধ্যে শিশু ও নারীও রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে যত্রতত্র ট্রাক দাঁড়িয়ে রাখার কারণে দুর্ঘটনা ঘটছে। বড় দরগা হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মত মনিরুজ্জামান বলেন, "আমরা সীমিত জনবল দিয়ে চেষ্টা করি যাতে নির্দিষ্ট স্থানের বাইরে পার্কিং না হয়।"