শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

খাগড়াছড়িতে সড়ক অবরোধ শেষ, স্বাভাবিক যান চলাচল শুরু

খাগড়াছড়িতে সড়ক অবরোধের পর স্বাভাবিক যান চলাচল শুরু হয়েছে।

খাগড়াছড়িতে সড়ক অবরোধ শেষ, স্বাভাবিক যান চলাচল শুরু

খাগড়াছড়িতে ইউপিডিএফ সমর্থিত সংগঠন ছাত্র-জনতা সংগ্রাম পরিষদের ডাকা আধা বেলার সড়ক অবরোধ শেষ হয়েছে। শনিবার দুপুর ১২টার পর খাগড়াছড়ি-চট্টগ্রাম, খাগড়াছড়ি-রাঙামাটি ও খাগড়াছড়ি-ঢাকা সড়কে যান চলাচল শুরু হয়।

সকাল ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা অবরোধ করেন। এ সময় পানছড়ি সড়কে গাছের গুঁড়ি ফেলে এবং সাজেক সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।

খাগড়াছড়ি শহরের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভও করেন তারা। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানের কারণে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা বা সংঘর্ষের খবর পাওয়া যায়নি।

খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার এলাকায় শামিমা আক্তার জানান, চিকিৎসকের কাছে যাওয়ার জন্য সকালে পানছড়ি থেকে সিএনজিচালিত অটোরিকশায় রওনা হন তিনি। পথে কোথাও বাধার মুখে পড়েননি।

অন্যদিকে শহরের নারকেল বাগান এলাকার শান্তি কাউন্টারে চট্টগ্রাম যাওয়ার অপেক্ষায় ছিলেন সুমাদ্রী চাকমা। তিনি জানান, সকালে যাওয়ার কথা থাকলেও অবরোধের কারণে যাত্রা করতে পারেননি। অবরোধ শেষ হওয়ার খবর পেয়ে দুপুরের পর রওনা দেন তিনি।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কয়েকটি স্থানে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধের চেষ্টা করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে আন্দোলনকারীরা সরে যান। এ ছাড়া ঢাকা থেকে আসা নৈশকোচগুলো ভোরেই খাগড়াছড়ি শহরে পৌঁছায়।

বিজ্ঞাপন