ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজিব গান্ধি ও কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধির প্রেমের গল্প শুরু হয়েছিল ক্যামব্রিজের একটি গ্রিক রেস্তোরাঁয়। সোনিয়া সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই স্মৃতি তুলে ধরেছেন এবং তার আসন্ন স্মৃতিকথা ‘বিলঙ্গিং: এ জার্নি অফ লাভ’ বইয়ের একটি ঝলক প্রকাশ করেছেন। বইটি আগামী ১০ নভেম্বর প্রকাশিত হবে।
২৪ অক্টোবর শনিবার এক্সে পোস্টে সোনিয়া লেখেন, ‘ক্যামব্রিজের একটি ছোট গ্রিক রেস্তোরাঁয় আমার ভালোবাসার যাত্রা শুরু হয়েছিল। রাজিব ও আমি ভালোবাসা, হাসি আর স্মৃতিতে ভরা একটি জগৎ গড়ে তুলেছিলাম। ১০ নভেম্বর সেই জগৎ আপনাদের সঙ্গে ভাগ করে নেব।’
সোনিয়া তার পোস্টের সঙ্গে একটি প্রায় দুই মিনিটের ভিডিও যুক্ত করেছেন, যেখানে তিনি রাজিব গান্ধির সঙ্গে প্রথম পরিচয়ের গল্প শোনান। ১৯৬৫ সালে যুক্তরাজ্যের ক্যামব্রিজে তাদের প্রথম দেখা হয়। তখন সোনিয়া ইতালীয় খাবার খুঁজছিলেন।
সোনিয়া জানান, সেই সময় ইংল্যান্ডে রেস্তোরাঁর সংখ্যা আজকের মতো ছিল না এবং তিনি একটি গ্রিক রেস্তোরাঁ খুঁজে পান যেখানে ভারতীয় ও ইউরোপীয় শিক্ষার্থীরা নিয়মিত খেতে যেতেন। সেখানেই এক কমন বন্ধুর মাধ্যমে রাজিবের সঙ্গে তার পরিচয় হয়।
প্রথম দেখাতেই রাজিবের প্রতি সোনিয়ার বিশেষ অনুভূতি তৈরি হয়েছিল এবং পরে তিনি জানতে পারেন রাজিবের অনুভূতি ছিল একই। রাজিবের সুদর্শনতা ও কোমল স্বভাব সোনিয়াকে মুগ্ধ করেছিল।
সোনিয়া ভিডিওতে বলেন, প্রথম পরিচয়ের পর তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে এবং তারা একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন। ১৯৬৮ সালের ২৫ ফেব্রুয়ারি সোনিয়া ও রাজিব গান্ধি বিয়ে করেন। রাজিব পরে ভারতের প্রধানমন্ত্রী হন এবং ১৯৯১ সালে তামিলনাড়ুতে নির্বাচনী প্রচারের সময় আত্মঘাতী হামলায় নিহত হন।