বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, পূর্বমধ্য ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় এই লঘুচাপ আজ শনিবার (২৪ অক্টোবর) সকাল ৬টায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়।
লঘুচাপটি বর্তমানে পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং এটি আরও পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। আবহাওবিদরা জানিয়েছেন, এটি আজ দুপুরের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে।
এই পরিস্থিতিতে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। আবহাওয়া অধিদফতর থেকে এ বিষয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে।