শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কক্সবাজারের হোটেলে অগ্নিকাণ্ড, আহত কয়েকজন পর্যটক

কক্সবাজারের ‘দ্য সি প্রিসেন্স’ হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়েছেন কয়েকজন পর্যটক।

কক্সবাজারের হোটেলে অগ্নিকাণ্ড, আহত কয়েকজন পর্যটক

কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে অবস্থিত ‘দ্য সি প্রিসেন্স’ নামের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সন্ধ্যায় হোটেলটির পার্কিং এলাকা থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় হোটেলটিতে ৩ শতাধিক পর্যটক অবস্থান করছিলেন। হোটেল থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন পর্যটক আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানায় হোটেল কর্তৃপক্ষ।

অগ্নিকাণ্ডের প্রায় আধা ঘণ্টা পর ফায়ার সার্ভিস ও হোটেল কর্তৃপক্ষের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জানা গেছে, পার্কিং এলাকার জেনারেটরসহ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, আগুনের খবর পেয়ে দ্রুত নিকটবর্তী ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট সেখানে উপস্থিত হয় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, জেনারেটরের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।

হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের জানান, হোটেলে যথেষ্ট অগ্নিনির্বাপক ব্যবস্থা রয়েছে এবং কর্মীদের দক্ষতায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। পর্যটকেরা নিরাপদে আছেন। উল্লেখ্য, এর আগে গত ১৭ অক্টোবর উখিয়ার ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ পর্যটক প্রাণ হারান এবং ৭ জন আহত হন।

বিজ্ঞাপন