কক্সবাজারের ইনানীতে ভূগর্ভস্থ গ্যাসের নির্গমন পথ বন্ধ করার সময় গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাপেক্সের কর্মকর্তাসহ অন্তত ছয়জন অগ্নিদগ্ধ হয়েছেন। আজ রোববার সকালে এ ঘটনা ঘটে।
দগ্ধদের উদ্ধার করে স্থানীয়রা কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার শুবক্তগীন আহমেদ জানান, অগ্নিদগ্ধ ছয়জনের মধ্যে দুজনের শরীরের ১০ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।
এ ঘটনায় গত শুক্রবার টানা এক মাস ধরে জ্বলতে থাকা ভূগর্ভস্থ গ্যাসের আগুন নিয়ন্ত্রণে আনে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি বাপেক্স। ২৭ অক্টোবর ইনানীর ছোট ব্রিজ এলাকায় গভীর নলকূপ স্থাপনের সময় ভূগর্ভ থেকে গ্যাস উদ্গিরণ শুরু হয়। একপর্যায়ে বৈদ্যুতিক তারের সংস্পর্শে আগুন ধরে যায়। এরপর থেকে টানা এক মাস ধরে সেখানে আগুন জ্বলছিল।