পাবনার চাটমোহরে একটি বালুবাহী ট্রাকের চাপায় কৃষিপণ্য বোঝাই অটোভ্যানের চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
আজ রোববার ভোর ৬টার দিকে উপজেলার মথুরাপুর ভাদড়া বাইপাস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে অটোভ্যান চালক আব্দুল মমিন (৩০) এবং কৃষক নজরুল হোসেন (৭০) রয়েছেন।
দুর্ঘটনার পর আহত হাফিজুল ইসলাম (৪০) ও মোজাম আলী (৪৫) কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আব্দুল মমিন তার ব্যাটারিচালিত ভ্যানে করে অমৃতকুন্ডা হাটে যাচ্ছিলেন।
সকাল ৬টার দিকে ভাদড়া বাইপাস মোড়ে দ্রুতগতির বালুবোঝাই একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই দুইজন মারা যান।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান বলেন, ট্রাক চালক ও হেলপার ট্রাক ফেলে পালিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। ট্রাক ও ভ্যান জব্দ করা হয়েছে।
এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।