শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ঝালকাঠির গালুয়া বাজারে ১৪৪ ধারা জারি

ঝালকাঠির গালুয়া বাজারে ১৪৪ ধারা জারি, সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

ঝালকাঠির গালুয়া বাজারে ১৪৪ ধারা জারি

ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নকে বিভক্ত করে দুটি ইউনিয়ন গঠনের প্রস্তাবনাকে কেন্দ্র করে গালুয়া বাজার ও সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

আজ শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। আদেশ অনুযায়ী, শুক্রবার বেলা ২টা থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

জানা গেছে, শুক্রবার বেলা ৩টায় গালুয়া ইউনিয়নকে বিভক্ত করে দুটি ইউনিয়নে রূপান্তরের উদ্যোগের পক্ষে ও বিপক্ষে দুটি পক্ষ গালুয়া বাজারে মানববন্ধনের আয়োজন করে। এ কারণে জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়।

ইউএনও রিফাত আরা মৌরি জানান, গালুয়া বাজার ও সংলগ্ন এলাকায় সমাবেশের উদ্দেশ্যে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে ওই এলাকায় মাইক ও শব্দবর্ধক যন্ত্রের ব্যবহার বন্ধ থাকবে।

এ ছাড়া নির্ধারিত এলাকার বাইরে সন্নিহিত এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রে চলাচল, সমাবেশ, মিছিল, সভা এবং লাঠিসহ যেকোনো ধরনের অস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে। আদেশে বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জরুরি পরিষেবা প্রদানকারী কর্তৃপক্ষের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

বিজ্ঞাপন