ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়া ফোরসাইট নেটওয়ার্ক (এসএএফএন) সম্প্রতি বাংলাদেশের কূটনীতিক, সাংবাদিক ও মানবাধিকারকর্মী রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে সম্মানসূচক সিনিয়র ফেলো হিসেবে নিযুক্ত করেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।
এসএএফএন, দ্য মিলেনিয়াম প্রজেক্টের অধীনে পরিচালিত, দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ চ্যালেঞ্জ, ভূরাজনীতি ও নীতিনির্ধারণের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা ও সংলাপের আয়োজন করে। আনসারীর অভিজ্ঞতা প্রতিষ্ঠানটির ওয়াশিংটনে আলোচনা ও বিভিন্ন মহলের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানানো হয়েছে।
নিয়োগের সময় বলা হয়, আনসারীর জনসেবা, গণমাধ্যম ও কূটনীতিতে দুই দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে। নতুন ভূমিকায় তিনি নীতিবিষয়ক সংলাপ ও গবেষণায় অবদান রাখবেন। এছাড়া, বাংলাদেশে নেটওয়ার্কটির গবেষণা ও অন্যান্য কার্যক্রম এগিয়ে নিতে সহযোগিতা করবেন।
বর্তমানে রাষ্ট্রদূত আনসারী সিনিয়র সচিব পদমর্যাদায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত। এর আগে, তিনি মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন এবং কোস্টারিকা, গুয়াতেমালা, ইকুয়েডর ও হন্ডুরাসে রাষ্ট্রদূত হিসেবে সমবর্তী দায়িত্বে ছিলেন।
কূটনৈতিক দায়িত্ব গ্রহণের আগে, তিনি ওয়াশিংটনভিত্তিক মানবাধিকার সংগঠন রাইট টু ফ্রিডমের সহপ্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং সাউথ এশিয়া পারসপেক্টিভসের নির্বাহী সম্পাদক হিসেবে কাজ করেন। এছাড়া, তিনি হোয়াইট হাউস ও জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এসএএফএনের বাংলাদেশ চ্যাপ্টারের পরিচালক হিসেবে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের প্রেসিডেন্ট মেজর জেনারেল (অব.) এ এন এম মুনীরুজ্জামান দায়িত্ব পালন করছেন।