দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ভূউপগ্রহের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর সুনির্দিষ্ট গতিপথ ও তীব্রতা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, লঘুচাপের প্রাথমিক প্রভাবে আপাতত সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং বড় কোনো ঝড়-বৃষ্টির সম্ভাবনা নেই।
তবে আগামী ২৫ অক্টোবর থেকে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত শুরু হতে পারে। পরবর্তী ৫ দিনে দেশজুড়ে বৃষ্টির প্রবণতা বাড়ার সম্ভাবনা রয়েছে।
লঘুচাপ শক্তি সঞ্চার করছে এবং গভীর সাগর ধীরে ধীরে উত্তাল হয়ে উঠছে। বিশেষ করে মধ্য বঙ্গোপসাগর এলাকা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় জেলে ও মাছ ধরার ট্রলারগুলোকে গভীর সাগরে বিচরণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।