বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সাগর উত্তাল হয়ে উঠেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।
লঘুচাপের প্রভাবে গত দুদিন ধরে পটুয়াখালীসহ বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওডিশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে।
সন্ধ্যার পর থেকে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে বলা হয়েছে।