কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টের দ্য সী প্রিন্সেস আবাসিক হোটেলের জেনারেটর রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে হোটেলটির নিচতলার পার্কিং এলাকার জেনারেটর রুমে আগুন লাগার ঘটনা ঘটে। এ সময় হোটেলটিতে তিন শতাধিক পর্যটক অবস্থান করছিলেন।
ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস ও হোটেল কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনে। এতে পার্কিং এলাকায় থাকা জেনারেটরসহ বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, প্রাথমিকভাবে জেনারেটরের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
হোটেলটির পরিচালক কুতুব উদ্দিন জানান, লোডশেডিংয়ের কিছুক্ষণ পরপর জেনারেটর চলছিল। এক পর্যায়ে শর্টসার্কিটের কারণে আগুন লেগে গেলে ফায়ার এক্সটিংগুইশার দিয়ে তা নিয়ন্ত্রণে আনা হয়। তিনি দাবি করেন, হোটেলে ২০ সদস্যের একটি ফায়ার সার্ভিসের ট্রেনিংপ্রাপ্ত টিম রয়েছে।
হোটেল কর্তৃপক্ষের দাবি, আগুন লাগার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে হোটেলের প্রত্যেকটি কক্ষ থেকে সব পর্যটককে নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে। উল্লেখ্য, এর আগে ১৭ অক্টোবর উখিয়ার ইনানী এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যু হয়।