নেত্রকোণার দুর্গাপুর পৌর শহরের সাধুপাড়া এলাকায় প্রেমিকার বিয়ের খবরে আত্মহত্যা করেছেন মহসিন আল নাঈম নামের এক তরুণ। গতকাল সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
দুই বছরের প্রেমের সম্পর্কের মধ্যে নাঈমের পরিবার সম্প্রতি প্রেমিকার পরিবারে বিয়ের প্রস্তাব নিয়ে যায়। তবে হঠাৎ করে মেয়ের পরিবার অন্যত্র বিয়ের সিদ্ধান্ত নেয়। এই খবর পেয়ে মানসিকভাবে হতাশ হয়ে পড়েন নাঈম।
প্রেমিকার বিয়ের কেনাকাটা করতে মেয়েটি স্থানীয় বাজারে গেলে নাঈম বিষয়টি জানতে পারেন। প্রেমিকাকে জীবনসঙ্গী হিসেবে না পাওয়ার কষ্টে তিনি পরিবারের অগোচরে বসতঘরের ধরনার সঙ্গে গলায় ফাঁস নেন।
নাঈমের মা দরজার ফাঁক দিয়ে তার নিথর দেহ দেখতে পান। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত নাঈমের বড় ভাই মাহমুদুল হাসান জানান, তারা কিছুদিন আগে মেয়ের বাড়িতে গিয়ে সবকিছু ঠিকঠাক করে এসেছিলেন। তবে মেয়েটি নাঈমকে না করে দিলে এই ঘটনা ঘটে।
দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে প্রেম ও মানসিক হতাশা থেকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।