ঢাকার কেরানীগঞ্জের হযরতপুরে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুই সোনা ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানো এবং ককটেল বিস্ফোরণের মাধ্যমে ২০ থেকে ২৫ ভরি স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
আহত দুই স্বর্ণ ব্যবসায়ী হলেন অন্তর সরকার (২৫) এবং তার ফুপাতো ভাই রাজিব সরকার (২০)। তাদের পায়ে গুলি লেগেছে। আহত অন্তর জানান, তারা অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন, তখন দুটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাদের অটোরিকশার গতিরোধ করে।
দুর্বৃত্তরা গুলি চালানোর পাশাপাশি ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং তাদের কাছে থাকা ২৫ ভরি স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।
ঘটনার পর আহত দুই ব্যবসায়ীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে এবং তদন্ত চলছে।