প্রেমের টানে চীন থেকে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এসে ইসলাম গ্রহণ করেছেন এক চীনা যুবক। তিন মাসের পরিচয় ও প্রেমের পর বাংলাদেশে এসে আয়েশা সুলতানা (২১) নামে এক তরুণীকে বিয়ে করেছেন চীনের নাগরিক সোহান চাও (৩৮)। ইসলাম গ্রহণের পর তার নাম রাখা হয়েছে মোহাম্মদ।
গত ১২ জুন বাংলাদেশে আসেন সোহান চাও। এরপর ১৪ জুন, তিনি ঢাকায় আয়েশার সঙ্গে যান। সেখানে হাইকোর্টের আইনজীবী লিমা আক্তারের মাধ্যমে সোহানের বাবা সংফু ফ্যাংয়ের সঙ্গে যোগাযোগ করা হয়। উভয় পরিবারের সম্মতিতে সোহান ইসলাম গ্রহণ করেন এবং পরে বিয়ে সম্পন্ন হয়। বর্তমানে তারা ঢাকায় বসবাস করছেন।
আয়েশা সুলতানা সাংবাদিকদের জানান, তাদের পরিচয় ওয়ালটপ নামক একটি অনলাইন সামাজিক যোগাযোগমাধ্যমে হয়। নিয়মিত কথোপকথনের মাধ্যমে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
আয়েশার বাবা আবদুল আলিম বলেন, সোহান বাংলাদেশে আসার পর আমরা ঢাকায় গিয়ে আইনজীবীর মাধ্যমে তার বিষয়ে খোঁজখবর নিই। ইসলাম গ্রহণের পর মেয়ের সঙ্গে তার বিয়ে দিই। বর্তমানে মেয়ের প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুতের কাজ চলছে।
স্থানীয় যুবক সাগর চৌধুরী বলেন, বিদেশ থেকে এসে বিয়ের মাধ্যমে বাংলাদেশি নারীদের বিভিন্ন অনৈতিক কাজে জড়িয়ে ফেলার ঘটনা ঘটে। এ বিষয়ে সরকারের নজরদারি প্রয়োজন।
কসবা থানার ওসি আলী মোহাম্মদ রাশেদ জানান, বিষয়টি তার জানা নেই এবং তিনি খোঁজখবর নিচ্ছেন। বিস্তারিত জানার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।