নারী মরদেহের ময়নাতদন্তের জন্য সংশ্লিষ্ট হাসপাতালগুলোতে নারী ডোম নিয়োগের নির্দেশনা কেন দেওয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চ আজ এ রুল জারি করেন।
হাইকোর্টে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. মনির উদ্দিন। তিনি জানান, বাংলাদেশে নারী মরদেহের পোস্টমর্টেমে নারী ডোম নিয়োগের নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে।
রিটে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। এর আগে, নারী ডোম নিয়োগের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে আবেদন করা হয়েছিল।
আবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ একটি ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ রাষ্ট্র। ইসলাম ধর্মসহ অন্যান্য ধর্মের নারীর মৃতদেহের সতর বা পর্দার বিধান রয়েছে। নারীর মরদেহের ময়নাতদন্তে পুরুষের স্পর্শ গ্রহণযোগ্য নয়।
আইনজীবী মো. মনির উদ্দিন বলেন, পুরুষ কর্তৃক মৃত নারীর সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সংবাদ প্রকাশিত হয়েছে। নারী ডোম নিয়োগের মাধ্যমে গোপনীয়তা ও মর্যাদা রক্ষা করা সম্ভব হবে।
তিনি আরও জানান, সড়ক দুর্ঘটনা বা অন্য কারণে যদি কোনো মহিলা মারা যায়, তখন তার পরিবার মানসিকভাবে বিপর্যস্ত থাকে। পুরুষ সদস্য দ্বারা পোস্টমর্টেমের খবর তাদের জন্য হৃদয়বিদারক হতে পারে।
আবেদনে দাবি করা হয়েছে, ময়নাতদন্তের ক্ষেত্রে নারী ডোম থাকলে ধর্মীয় বিষয়টি রক্ষা হবে এবং বৈষম্য দূর হবে। আধুনিক সমাজের নারী রোগীদের সুরক্ষা নিশ্চিত করা একটি যুগোপযোগী চাহিদা।
মানবাধিকার সনদের আওতায় মৃত্যুর পরও একজন মানুষের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা জরুরি।