ঢাকার সাভারের আশুলিয়ার জামগড়াতে একটি পোশাক কারখানার ভেতরে গ্যাস সিলিন্ডার ভর্তি কভার্ড ভ্যানে বিস্ফোরণ ও আগুনের ঘটনায় গাড়িচালক নুর ইসলাম (৪০) মারা গেছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।
ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. হারুন অর রশিদ জানিয়েছেন, নুর ইসলামের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ ছিল। এই ঘটনা নিয়ে ঢামেকে মোট দুজন মারা গেলেন।
গত রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রীতি গ্রুপের তৈরি পোশাক কারখানায় গ্যাস সিলিন্ডার ভর্তি কভার্ড ভ্যান বিস্ফোরণের পর আগুন লেগে যায়, যা ৭ জনের প্রাণহানি ঘটায়।
এই ঘটনার পর প্রীতি গ্রুপ কর্তৃপক্ষ সব কারখানায় ছুটি ঘোষণা করেছে। সোমবার সকালে কারখানার ফটকে বন্ধের নোটিশ টাঙানো হয়, তবে বন্ধের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।