শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সিরাজগঞ্জে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘চর উৎসব’

সিরাজগঞ্জে প্রথমবারের মতো ‘চর উৎসব’ অনুষ্ঠিত হয়েছে, যা পর্যটনের নতুন সম্ভাবনা তুলে ধরছে।

সিরাজগঞ্জে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘চর উৎসব’

সিরাজগঞ্জ জেলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘চর উৎসব’। শুক্রবার (২৩ অক্টোবর) সিরাজগঞ্জ সদর উপজেলার মেছড়া ইউনিয়নের চরাঞ্চলে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়। উৎসবের লক্ষ্য ছিল যমুনা নদীতে নৌভ্রমণ, চরাঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য এবং গ্রামীণ জীবনযাত্রাকে পর্যটনের আকর্ষণ হিসেবে তুলে ধরা।

উৎসবে শহরের বহু পরিবার অংশগ্রহণ করে, বিশেষ করে শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। সমবায় ও সামাজিক সংগঠন ‘সমধারা’ এই উৎসবের আয়োজন করে, যার ইভেন্ট পার্টনার ছিল সিরাজগঞ্জের পর্যটন উদ্যোগ ‘স্মার্ট ট্যুরিজম’।”

বাংলাদেশের পর্যটনে নদীকেন্দ্রিক ভ্রমণের গুরুত্বপূর্ণ সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যমুনা নদীতে নৌভ্রমণ, নদীর বুকে জেগে ওঠা চর এবং বিস্তীর্ণ বালুচর পর্যটকদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা তৈরি করতে পারে। উৎসবে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী খাবার পিটুলি, বাউলসংগীত ও ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়।

আয়োজনের সাজসজ্জায় সিরাজগঞ্জের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য গামছা ব্যবহার করা হয়। অতিথিদের কলাপাতায় পরিবেশন করা হয় ঐতিহ্যবাহী পিটুলি। বাউলসংগীত, ঘুড়ি ওড়ানো এবং চরের পরিবেশ উপভোগের মধ্য দিয়ে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে।

সমধারার সভাপতি আব্দুল্লাহ আল সাফি বলেন, ‘চরের রয়েছে নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটনের বিপুল সম্ভাবনা। চর উৎসবের মধ্য দিয়ে আমরা চরের সম্ভাবনাকে সবার সামনে তুলে ধরতে চেয়েছি।’

সমধারার সাধারণ সম্পাদক প্রতীক মাহমুদ বলেন, ‘এ আয়োজনের মধ্য দিয়ে চরের মানুষের জীবনযাপন, ঐতিহ্য, সংস্কৃতি ও সম্ভাবনাকে সবার সামনে তুলে ধরার চেষ্টা করেছি।’ স্মার্ট ট্যুরিজমের প্রতিষ্ঠাতা মো. আসলাম উদ্দিন বলেন, ‘চরাঞ্চলের পর্যটন সম্ভাবনাকে তুলে ধরতে এ আয়োজন করতে পেরে আমরা গর্বিত।’ উৎসবে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা ও বিশিষ্ট ব্যক্তিরা।

বিজ্ঞাপন