মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সিরাজগঞ্জে যমুনার ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি ও ফসলি জমি

সিরাজগঞ্জের চরাঞ্চলে যমুনার ভাঙনে একের পর এক বিলীন হচ্ছে ঘরবাড়ি ও ফসলি জমি।

সিরাজগঞ্জে যমুনার ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি ও ফসলি জমি

ভারী বৃষ্টির ফলে যমুনা নদীর ভাঙন তীব্র হওয়ায় সিরাজগঞ্জের চরাঞ্চলের মানুষ ভিটেমাটি হারানোর শঙ্কায় রয়েছেন। জেলার ৫টি উপজেলার চরগুলোতে একের পর এক বিলীন হচ্ছে ঘর, ফসলি জমি, বিদ্যালয় ও রাস্তাঘাট।

স্থানীয়দের অভিযোগ, সরকারিভাবে কার্যকর পদক্ষেপ না নেয়ায় পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, চরাঞ্চলে ভাঙন ঠেকাতে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সিরাজগঞ্জের যমুনা নদীতে পানি বৃদ্ধির সাথে সাথে ভাঙন শুরু হয়েছে। কাজিপুর, বেলকুচি, চৌহালি, শাহজাদপুর এবং সদরের চর এলাকায় নদীটি সবচেয়ে বেশি আগ্রাসী হয়ে উঠেছে। ইতোমধ্যে সদরের কাওয়াখোলা ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনও বিলীন হয়ে গেছে।

ভাঙনে নিঃস্ব বাসিন্দারা আতঙ্কে বাড়িঘর সরিয়ে নিতে বাধ্য হচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, যমুনার তীরে ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে কাজ করলেও চরাঞ্চলে কার্যকর উদ্যোগ নেই।

পানি উন্নয়ন বোর্ডের সিরাজগঞ্জ অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মোকলেছুর রহমান বলেন, 'চরের বাজার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে ভাঙনের কবল থেকে রক্ষায় বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।'

জেলার বেলকুচি, চৌহালি, শাহজাদপুর, কাজিপুর এবং সদরের ২৩টি ইউনিয়ন যমুনা নদীর চর এলাকায় হওয়ায় স্থানীয়রা ভিটেমাটি রক্ষায় স্থায়ী বাঁধের দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন