রাজধানীতে নদী বাঁচাও আন্দোলনের উদ্যোগে গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন, পদ্মা ব্যারেজ ও তিস্তা প্রকল্পের বাস্তবায়নের দাবিতে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এই সমাবেশে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা পানি, কৃষি, পরিবেশ, শক্তি, অর্থনৈতিক ও খাদ্য নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ডিসেম্বরের মধ্যে গঙ্গা চুক্তি নবায়নের দাবি জানান।
সমাবেশে বক্তারা বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদ-নদীর পানির ন্যায্য হিস্যা পেতে দীর্ঘমেয়াদী সমঝোতার আহ্বান জানান। এছাড়া ভূগর্ভস্থ পানির স্তর রক্ষা, খরা মোকাবিলায় সেচ সুবিধা বাড়ানোর জন্য নদ-নদী পুনরুদ্ধার এবং ২০ হাজার কিলোমিটার নদী খনন প্রকল্প চালুর দাবি উঠেছে।
নদী দূষণকারীদের তালিকা করে আইনের আওতায় আনার পাশাপাশি বর্জ্য শোধনাগার স্থাপনে বাধ্য করার দাবি জানানো হয় সমাবেশে।