কুমিল্লার নঙ্গলকোটের হাসানপুর স্টেশনে সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। একই সময়ে গুণবতী এলাকায় মেঘনা এক্সপ্রেসও লাইনচ্যুত হয়েছে, যার ফলে এক ঘণ্টারও বেশি সময় ধরে যোগাযোগ বন্ধ রয়েছে।
লাকসাম জংশন স্টেশন মাস্টার ওমর ফারুক জানান, ‘এক ঘণ্টার বেশি সময় চট্টগ্রামের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। যে কোনো একটি লাইন সচল হলেই যোগাযোগ পুনরায় শুরু হবে।’
নাঙ্গলকোট স্টেশন মাস্টার জামাল উদ্দিন বলেন, চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস গুণবতী স্টেশন অতিক্রম করে হাসানপুর স্টেশনের কাছে ইঞ্জিন বিকল হয়ে আপ লাইনে আটকা পড়ে।
এদিকে, সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকলের খবর পেয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ডাউন লাইন দিয়ে গুণবতী স্টেশন অতিক্রম করে হাসানপুরের দিকে যাওয়ার সময় চারটি বগি লাইনচ্যুত হয়।
দুই লাইনে ট্রেন আটকা পড়ায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, এতে যাত্রীদের মধ্যে দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত, সোনার বাংলা এক্সপ্রেসের বিকল ইঞ্জিন ও মেঘনা এক্সপ্রেসের লাইনচ্যুত বগি উদ্ধারের জন্য চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ট্রেন আসার অপেক্ষায় রয়েছে।
ওমর ফারুক আরো জানান, ‘চট্টগ্রাম থেকে সোনার বাংলা ট্রেনের সচল ইঞ্জিন রওনা হয়েছে এবং মেঘনা এক্সপ্রেস ট্রেনের চারটি বগি রেখে বাকি ট্রেন লাকসাম চলে আসছে। কাজগুলো সম্পন্ন হলেই ট্রেন চলাচল শুরু হবে।’