সিরাজগঞ্জের কড্ডা এলাকায় ‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ফলে ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে শহীদ এম মনসুর আলী রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, সকাল ১০টা ৫৫ মিনিটে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি শহীদ এম মনসুর আলী রেলস্টেশনে পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়।
এই দুর্ঘটনার কারণে বিভিন্ন স্টেশনে একাধিক যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে। তবে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
লাইনচ্যুত বগিটি উদ্ধার এবং রেললাইন সচল করতে কাজ চলছে। সংশ্লিষ্টরা জানান, উদ্ধার অভিযান শেষে ধাপে ধাপে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।