কবি ও সম্পাদক আশিক রেজার নতুন কাব্যগ্রন্থ ‘ক্লান্ত আগ্নেয়গিরি, আবার ঘুমাও’ প্রকাশিত হয়েছে। ঘাসফুল প্রকাশিত এই বইটি সমকালীন বাংলা কবিতায় ইতিহাস, গণজাগরণ ও জনমানুষের সংগ্রামকে নতুন দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করেছে।
প্রকাশক সূত্রে জানা যায়, গ্রন্থটিতে সাম্প্রতিক জুলাই বিপ্লবের প্রচলিত বয়ানকে অতিক্রম করে বাংলার দীর্ঘ রাজনৈতিক-সামাজিক ইতিহাসের ধারাবাহিকতা তুলে ধরা হয়েছে। কবি কৃষক, শ্রমিক ও নিম্নবর্গের মানুষের সংগ্রাম, আত্মত্যাগ এবং জনতার শাসনের আকাঙ্ক্ষাকে কবিতার ভাষায় রূপ দিয়েছেন।
বইটিতে বাইবেলের ‘সেভেন স্লিপার্স’ এবং কোরআনের ‘আসহাবে কাহাফ’-এর আখ্যানের সঙ্গে গণজাগরণের ধারণার একটি তুলনামূলক পাঠ নির্মাণের চেষ্টা করা হয়েছে। ঐতিহাসিক ‘বুলঘকপুর’ চরিত্রকে সমকালীন আমলাতান্ত্রিক বিভ্রান্তি ও ভুল লক্ষ্যের প্রতীক হিসেবেও চিত্রিত করা হয়েছে।
প্রকাশকের মতে, এটি কেবল একটি কাব্যগ্রন্থ নয়, বরং জনতার আশা, প্রতিরোধ ও ইতিহাসচেতনার এক কাব্যিক দলিল। গ্রন্থটির প্রচ্ছদ এঁকেছেন শিল্পী আহমাদ দারবিশ। বইটি রকমারিসহ বিভিন্ন অনলাইন ও অফলাইন বইয়ের দোকানে পাওয়া যাচ্ছে।