জ্বালানি বিভাগের পক্ষ থেকে অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম আবারও বাড়ানো হয়েছে। রোববার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, লিটার প্রতি ৫ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
আজ সোমবার থেকে নতুন দরে বিক্রি হচ্ছে জ্বালানি তেল। নতুন মূল্য অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অকটেন ১৪৫ টাকা, পেট্রল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে।
তবে ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে, যা ১১৫ টাকা লিটারেই বিক্রি হচ্ছে। রোববার মধ্যরাত থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করেছে সরকার। এর আগে, ১৮ এপ্রিল বিশ্ববাজারের সাথে সমন্বয়ের লক্ষ্যে সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছিল।