পরিবেশ সুরক্ষায় নানামুখী উদ্যোগ গ্রহণের অংশ হিসেবে কঠিন বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, দেশের সব সরকারি কার্যক্রম ঢাকাকেন্দ্রিক হওয়ায় পরিবেশ রক্ষা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি দূষণ রোধে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।
এছাড়া, উপকূলীয় ১২টি জেলার ৪০টি উপজেলায় 'সিঙ্গেল ইউজ প্লাস্টিক' ব্যবহার বন্ধে তিন বছর মেয়াদি কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। বিশ্বব্যাংকের সহায়তায় ২০৩০ সালের মধ্যে প্লাস্টিকের ব্যবহার ৫০ শতাংশ এবং উৎপাদন ৩০ শতাংশ কমানোর লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
মন্ত্রী আরও জানান, কঠিন বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে রাজধানীর আমিন বাজারে একটি প্লান্ট বাস্তবায়ন করা হচ্ছে।