রাজধানীর মতিঝিলে মধুমিতা সিনেমা হলের পেছনে এক একর জমি দখলমুক্ত করতে অভিযান শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। জমিটির আনুমানিক মূল্য ২০০ কোটি টাকা বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজউক অভিযানে নামে। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে ওই জমিটি দখল করে একটি পরিবহন কোম্পানি বাসের ডিপো বানিয়ে রেখেছে। জমি দখল করে রাখার জন্য তারা মামলা করেছিল।
রাজউক জানায়, ওই মামলার রায় তাদের পক্ষে যায়। এর পরিপ্রেক্ষিতে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে। রাজউক কর্মকর্তাদের মতে, দখলমুক্ত জায়গাটি ব্যবহার করে মতিঝিল এলাকায় একটি পার্ক নির্মাণ করা হবে।
এই উদ্যোগের মাধ্যমে রাজধানীর নান্দনিকতা বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে রাজউকের।