দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমাঞ্চলীয় আল-মাওয়াসি এলাকায় একটি চলন্ত গাড়িতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) নাসের মেডিকেল কমপ্লেক্সের চিকিৎসকদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।
হামলার ফলে কতজন আহত হয়েছেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। এর আগে, গাজা সিটির উত্তর-পূর্বাঞ্চলীয় আল-নাকাফ এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি ড্রোন হামলায় এক ফিলিস্তিনি নিহত এবং অপর তিনজন আহত হন।
এছাড়া খান ইউনিসের উত্তরাঞ্চলে ইসরায়েলি বাহিনীর সরাসরি গুলিতে আরও এক ফিলিস্তিনি আহত হয়েছেন। একই সময়ে, বুরেইজ শরণার্থী শিবিরের আবাসিক বাড়িঘর লক্ষ্য করে ইসরায়েলি কোয়াডকপ্টার থেকে নির্বিচারে গুলি ছোড়া হয়েছে।
গত অক্টোবর থেকে তথাকথিত 'যুদ্ধবিরতি' কার্যকর থাকার কথা থাকলেও, ইসরায়েলি বাহিনী গাজাজুড়ে অব্যাহতভাবে প্রাণঘাতী হামলা চালিয়ে যাচ্ছে।